Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিভিআইপি ডিউটির নামে বিপুল টাকার তেল চুরি! সিন্ডিকেটের মাথা চিহ্নিত করছে রাজ্য পুলিশ

ডিরেক্টর সিকিউরিটি থেকে জেলা পুলিশের থানা, সমস্ত জায়গাতেই তৃণমূল জমানায় তৈরি হয়েছিল পুলিশের গাড়ির তেল চুরির সিন্ডিকেট। গাড়ি রাস্তায় নামেনি।

ভিভিআইপি ডিউটির নামে বিপুল টাকার তেল চুরি! সিন্ডিকেটের মাথা চিহ্নিত করছে রাজ্য পুলিশ
  • ১ জুন, ২০২৬ ০৪:০০

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: ডিরেক্টর সিকিউরিটি থেকে জেলা পুলিশের থানা, সমস্ত জায়গাতেই তৃণমূল জমানায় তৈরি হয়েছিল পুলিশের গাড়ির তেল চুরির সিন্ডিকেট। গাড়ি রাস্তায় নামেনি। অথচ তার নামে ইস্যু হয়েছে তেলের বিল। গাড়িতে নতুন টায়ার লাগানো দেখিয়েও টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের ১৫ বছরের শাসনকালে সরকারি তেল বিপুলভাবে নয়ছয়ের অভিযোগ সামনে আসছে। পালাবদল হতেই এবার এই সিন্ডিকেটরাজ ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। পাশাপাশি বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে বলে খবর।

Advertisement

ডিরেক্টরেট অব সিকিউরিটি থেকে ভিভিআইপিদের নিরাপত্তা দিতে রোজ কয়েকশো গাড়ি বেরোয়। ভিন রাজ্য থেকে মন্ত্রীরা এলে তাঁদের আনতে এই উইং থেকে গাড়ি যায় বিমানবন্দরে। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন থানা ও পুলিশ লাইন থেকে গাড়ি নামে বিভিন্ন ডিউটিতে। নিয়মানুযায়ী গাড়িগুলির তেল তোলার জন্য একটি কার্ড রয়েছে। পুলিশের সঙ্গে চুক্তি থাকা পাম্প থেকে তেল ভরা হয় গাড়িগুলিতে। এছাড়া পুলিশ লাইনের ভিতর অবস্থিত পাম্প থেকেও গাড়িগুলি তেল নিয়ে থাকে।
রাজ্য পুলিশ সূত্রের খবর, গত ১৫ বছরে ডিরেক্টরেট অব সিকিউরিটি  উইং থেকে শুরু করে জেলা পুলিশের বিভিন্ন থানা, পুলিশ লাইন থেকে গাড়ি বেরিয়েছে বলে দেখানো হয়েছে। তেল তুলেছে সমস্ত গাড়ি। ভিভিআইপিদের নিরাপত্তায় ব্যবহৃত গা঩ড়িগুলির তেলের নির্দিষ্ট কোটা নেই। তারা বিভিন্ন জায়গায় ডিউটি করার জন্য বাড়তি তেল ভরেছে বলে খাতায়কলমে দেখিয়েছে। পালাবদলের পর রাজ্য পুলিশের আধিকারিকরা খোঁজখবর করে জানার চেষ্টা করেন, সত্যিই কি এত গাড়ি রোজ বিভিন্ন উইং থেকে বেরিয়েছে? 
এই ব্যাপারে তাঁরা জানতে পারছেন, খারাপ বা বসে যাওয়া গাড়িকে ‘ফিট’ দেখিয়ে সেগুলির দরুন তেল উঠেছে। অনেক গাড়ি রাস্তায় না-বেরোলেও সেগুলির নামে মাসের পর মাস তেলের বিল ইস্যু হয়েছে। পুলিশের সঙ্গে চুক্তি থাকা কিছু পেট্রল পাম্প মালিকের সঙ্গে যোগসাজশ করে, তাদেরকেই এই তেল বেচে লুটে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। অভিযোগ, ১৫ বছর ধরে সিন্ডিকেট করে এই কারবার চালিয়েছে পুলিশের একাংশ। এভাবে সরকারের কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। অভিযোগ, এই সিন্ডিকেটের মাথারা বিপুল পরিমাণ কালো টাকা লুটেছেন এভাবে। নতুন সরকার সিন্ডিকেটের মৌরসিপাট্টা ভাঙতে উদ্যোগী হয়েছে। এই দুষ্টচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলেও খবর।

সম্পর্কিত সংবাদ