নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হোয়াটসঅ্যাপে আসছে ৫ হাজার ৬৮৭ টাকার রি-অ্যাওয়ার্ড মেসেজ! তাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোগো দেওয়া রয়েছে। নিজের অ্যাকাউন্টে ওই টাকা নেওয়ার জন্য ‘রিডিম’ করানোর পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু, সেই মেসেজ ক্লিক করলেই ইনস্টল হয়ে যাচ্ছে একটি অচেনা অ্যাপ। আর তাতেই হ্যাক হচ্ছে স্মার্টফোন। গ্রাহকের যাবতীয় তথ্য চলে যাচ্ছে সাইবার প্রতারকদের হাতে। সম্প্রতি, এমনই নতুন কায়দায় প্রতারণার টোপ দিচ্ছে হ্যাকাররা। টাকার প্রলোভনে পড়লেই খোয়া যেতে পারে সর্বস্ব! তাই এই ধরনের হোয়াটসঅ্যাপ থেকে সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। এটিএম কার্ডের পিন নম্বর হাতিয়ে প্রতারণার দিন প্রায় শেষ। তাই প্রতিদিন নিত্যনতুন ফাঁদ পাতছে দুষ্কৃতীরা। চাকরি, বিনিয়োগ, উপহার, ডিজিটাল অ্যারেস্ট, সেক্সটরশন, বিদ্যুৎবিল, ভর্তুকি, প্রকল্প সহ নানা ধরনের প্রতারণা এখন সামনে এসেছে। পুলিস ও সাইবার বিশেষজ্ঞদের কথায়, গিফ্ট ভাউচার এবং পুরস্কার নিয়ে প্রতারণা বহুদিন ধরেই হয়ে আসছে। তাতে সতর্কও হয়েছেন অনেকেই। তাই প্রতারণার ধরন একই থাকলেও খোল বদলে দিয়েছে হ্যাকাররা। সেই কারণেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোগো ব্যবহার করে রি-অ্যাওয়ার্ডের টোপ দেওয়া হচ্ছে। ওই মেসেজ আসার পর রিডিম অর্থাৎ, নিজের অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য লোভ দেখানো হচ্ছে। ওই মেসেজের মধ্যেই রয়েছে এক ধরনের ভাইরাস। যার মাধ্যমে গ্রাহকের ফোন সহজেই হ্যাক হয়ে যাচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের কথায়, স্মার্টফোন হ্যাক হওয়া মারাত্মক। কারণ, এখন সবার স্মার্টফোনে যাবতীয় তথ্য থাকে। যেমন, মোবাইল ব্যাঙ্ক, ই-মেল, সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু প্রতারকদের অধীনে চলে যেতে পারে। অর্থাৎ, হ্যাক হওয়া ফোন প্রতারকরা নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে, যে কোনও ধরনের প্রতারণা ঘটতে পারে। তাছাড়া, গ্যালারিতে থাকা সমস্ত ছবি ও ভিডিও প্রতারকদের হাতে চলে যাবে। তাই এই ধরনের হোয়াটসঅ্যাপ পেলে তাকে এড়িয়ে চলতে হবে। রিডিম করানোর জন্য কোনওভাবেই ক্লিক করা চলবে না। তাহলেই অ্যাপ ইনস্টলে মাধ্যমে হ্যাক হবে ফোন।



