Bartaman Logo
২৭ মে, ২০২৬

হাতরাসের পর মিরাট, যোগীরাজ্যে ফের ধর্মীয় সভায় পদপিষ্ট মহিলারা

হাতরাসের পর মিরাট, যোগীরাজ্যে ফের ধর্মীয় সভায় পদপিষ্ট মহিলারা
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মিরাট: যোগীরাজ্য উত্তরপ্রদেশে ফের ধর্মীয় অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা। উস্কে দিল গত জুলাই মাসে হাতরাসে মহিলা ও শিশুদের পদপিষ্টের ঘটনার মর্মান্তিক স্মৃতি। এবার অবশ্য ঘটনাস্থল মিরাটের শতাব্দীনগর। শুক্রবার সেখানে প্রদীপ মিশ্র নামে এক ধর্মগুরুর ‘শিব মহাপুরাণ কথা’ অনুষ্ঠান ছিল। তার জেরে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। ভিড়ের চাপে একসময় অনুষ্ঠানে প্রবেশের দরজা বন্ধ করে দেন নিরাপত্তারক্ষীরা। তাতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আচমকা ধাক্কাধাক্কির মাঝে পড়ে পদপিষ্ট হন কয়েকজন মহিলা। যদিও কর্তব্যরত পুলিসকর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় অঘটন ঘটেনি। অধিকাংশ মহিলাই সামান্য চোট পেয়েছেন।
Advertisement
যদিও এদিনের ঘটনায় ঠিক কতজন পদপিষ্ট হয়েছেন, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি প্রশাসন। মিরাটের আইজি দীপক মিনা বলেন, কয়েকজন পদপিষ্ট হলেও প্রাণহানি ঘটেনি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা পাঠানো হয়েছে। গত জুলাই মাসে হাতরাসে ভোলেবাবা নামে এক স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২১ জনের। তারপরেও যোগীরাজ্যে পরিস্থিতি যে বদলায়নি, এদিনের ঘটনা তারই যেন হাতেগরম প্রমাণ! 
সম্পর্কিত সংবাদ