Bartaman Logo
২৭ মে, ২০২৬

হাতরাসে নির্যাতিতার বাড়িতে রাহুল, কটাক্ষ গেরুয়া শিবিরের

হাতরাসে নির্যাতিতার বাড়িতে রাহুল, কটাক্ষ গেরুয়া শিবিরের
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
হাতরাস: ২০২০ সালের সেপ্টেম্বর। উত্তরপ্রদেশের হাতরাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন ১৯ বছরের দলিত তরুণী। পরে দিল্লির একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল হাড়হিম করা এই ঘটনা। বৃহস্পতিবার হাতরাসে মৃতার বাড়িতে পৌঁছন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেখা করেন  পরিবারের সদস্যদের সঙ্গে। এদিন সকাল ১১টা ১৫ নাগাদ বুলগারহি গ্রামে পৌঁছন রায়বেরিলির সাংসদ। মৃতার বাড়িতে প্রায় ৩৫ মিনিট  ছিলেন তিনি। বিজেপি অবশ্য এই ঘটনাকে ‘চমক’ বলে কটাক্ষ করতে ছাড়েনি। যদিও  কংগ্রেস জানিয়েছে, নির্যাতিতার পরিবার ন্যায় বিচার চেয়ে বিরোধী দলনেতাকে চিঠি লিখেছিলেন। এজন্য তাঁদের সঙ্গে দেখা করেছেন রাহুল। এবিষয়ে হাতরাসের কংগ্রেসের প্রাক্তন প্রধান চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বলেন, ‘এই পরিবারের সঙ্গে রাহুল গান্ধীর একটা সম্পর্ক গড়ে উঠেছে। আজ মৃতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শুনলেন তিনি। প্রতি মুহূর্তে তাদের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন রাহুল।’
Advertisement
এদিনের সফর নিয়ে রাহুলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের তোপ, ‘ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত করেছে সিবিআই। বিজেপির শাসনকালে অভিযুক্তরা কখনও ছাড় পায় না। সম্ভল হোক বা হাতরাস,  শুধুমাত্র প্রচারের আলোয় থাকতে বারবার ছুটে যান রাহুল।  এছাড়া আর কোনও কারণ নেই।’ যোগীরাজ্যের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী ওমপ্রকাশ রাজভর বলেন, ‘এই মামলায় সিবিআই তদন্ত হয়েছে। আরও উচ্চতর তদন্তকারী সংস্থা থাকলে রাহুল গান্ধীর উচিত তার হদিশ দেওয়া। এসব সফর চমক ছাড়া কিছুই নয়। এটা কংগ্রেসের হতাশার নিদর্শন।’
সম্পর্কিত সংবাদ