মুম্বই: কোনও পুরুষের সঙ্গে হোটেলের ঘর বুক করেছেন কোনও মহিলা। তারপর ওই পুরুষের সঙ্গে হোটেলে গিয়েছেন। কিন্তু তাতে প্রমাণ হয় না যে, ওই মহিলা শারীরিক সম্পর্কে ছাড়পত্র দিয়েছেন। একটি ধর্ষণের মামলায় নিম্ন আদালতের রায় খারিজ করে এমনটাই জানিয়েছে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। এই মামলায় অভিযুক্ত গুলশর আহমেদকে রেহাই দিয়েছিল মারগাঁও আদালত। কিন্ত বিচারপতি ভরত পি দেশপাণ্ডের বেঞ্চ ২০২১ সালের সেই নির্দেশ নাকচ করে দিয়েছে।
Advertisement
ঘটনার সূত্রপাত ২০২০ সালে। নির্যাতিতাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটি হোটেলে নিয়ে যায় গুলশর। ওই মহিলা ও গুলশর একসঙ্গে হোটেলের ঘর বুক করেছিলেন। কিন্তু ঘরে ঢোকার পরেই অভিযুক্ত মহিলাকে খুনের হুমকি দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত বাথরুমে ঢোকার পর কোনওমতে পালিয়ে এসে পুলিসে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। কিন্তু মারগাঁওয়ের আদালত জানায়, ওই মহিলার অভিযুক্তের সঙ্গে ঘর বুক করে হোটেলে এসেছিলেন। এতে প্রমাণ হয়, শারীরিক সম্পর্কে ওই মহিলার সম্মতি ছিল। এই যুক্তিতে গুলশরকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেয় আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়েছে, ঘটনার ঠিক পরেই অভিযোগ দায়ের হয়েছে। তাই এভাবে কোনও সিদ্ধান্তে আসা যায় না। যদি ধরেও নেওয়া হয় ওই মহিলা অভিযুক্তের সঙ্গে ঘরে স্বেচ্ছায় ঢুকেছিলেন, তাতেও প্রমাণ হয় না যে তিনি শারীরিক সম্পর্কে সম্মতি দিয়েছেন।



