হায়দরাবাদ: মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল ৩০ পড়ুয়া। তড়িঘড়ি তাদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসার পর অসুস্থ পড়ুয়াদের খেতে দেওয়া হয়েছিল উপমা। সেখানেও গোলযোগ। অভিযোগ, কমপক্ষে ১৬ জন পড়ুয়ার খাবারে কেঁচোর হদিশ মিলেছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নারায়ণপেট জেলার। এর পরই পড়ুয়াদের দেওয়া খাবারের মান নিয়ে রাজ্যের কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি, পড়ুয়াদের পোঙ্গল খেতে দেওয়া হয়েছিল। পোঙ্গল হল দুধ আর চাল দিয়ে তৈরি দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী খাবার।
Advertisement
ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। মিড ডে মিলে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়ে মাগানুর জেলা পরিষদ সরকারি হাই স্কুলের ৩০ পড়ুয়া। পেটে ব্যথার পাশাপাশি তারা বমি করতে শুরু করে। অসুস্থ পড়ুয়াদের প্রথমে মাকথাল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া। সেখান থেকে স্থানান্তরিত করা হয় নায়ারণপেট সরকারি হাসপাতালে। হাসপাতালেও রেহাই মিলল না। এক অসুস্থ পড়ুয়ার কথায়, ‘আমাদের উপমা খেতে দেওয়া হয়েছিল। কয়েকজন খাওয়া শুরু করতেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খাবারে কেঁচো রয়েছে। সঙ্গে সঙ্গে সেটি ফেলে দেওয়া হয়।’ এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছেন নারায়ণপেটের জেলাশাসককে।



