চেন্নাই: বৃহস্পতিবার আগুন লাগল তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি হাসপাতালে। এর জেরে এপর্যন্ত মোট সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন শিশু ও দুই মহিলা রয়েছে। জখম আরও ২০ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন রাত ন’টার দিকে ওই হাসপাতালে আগুন লাগে এবং মুহূর্তেই তা হাসপাতালের প্রথম তলা থেকে তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। এর জেরে বহু মানুষ ভিতরে আটকে পড়েন। তড়িঘড়ি পুলিস ও দমকলকে খবর দেওয়া হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকলের তরফে জানানো হয়েছে, হাসপাতালের লিফ্টে বেশ কয়েকজন আটকে পড়েছিলেন। পরের দিকে তাঁদের উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হয়নি। এপর্যন্ত মোট সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২০ জন জখম এবং দু’জনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাঁরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই আগুন। ছবি: সমাজমাধ্যম



