Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসনাবাদে শৌচাগার তৈরির টাকা নিয়ে বিতর্ক, অভিযুক্ত প্রধান

হাসনাবাদে শৌচাগার তৈরির টাকা নিয়ে বিতর্ক, অভিযুক্ত প্রধান
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকারি খাতায়-কলমে দেখানো হয়েছে যে উপভোক্তরা টাকা পেয়েছেন। কিন্তু বাস্তবে চিত্র উল্টো। শৌচাগার তৈরির জন্য সেই টাকা পাননি এলাকার বাসিন্দারা। তাহলে কি সেই টাকা ‘ভূতুড়ে’ অ্যাকাউন্টেই ঢুকেছে? প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর পঞ্চায়েত এলাকায়। যদিও এনিয়ে লিখিত কোনও অভিযোগ আসেনি বলে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন পঞ্চায়েতের প্রধান। স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) প্রকল্পের আওতায় শৌচাগার তৈরির জন্য ১২ হাজার টাকা করে দেওয়া হয়। প্রথমে সমীক্ষার কাজ করে স্থানীয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসন। তার রিপোর্ট জমা দেওয়ার পর অনেক উপভোক্তা প্রথম পর্যায়ের টাকাও পান। কিন্তু সিংহভাগ মানুষ পাননি দ্বিতীয় পর্যায়ের টাকা। তাই শৌচাগার অর্ধসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে। এদিকে, এক উপভোক্তা রবীন্দ্রনাথ হাওলি বলেন, বিডিও অফিসে গিয়ে জানতে পারলাম, আমাদের নামে টাকা উঠে গিয়েছে। সরকারিভাবে শৌচাগার হয়ে গিয়েছে বলে লেখাও হয়েছে। কিন্তু আমি তো এখনও দ্বিতীয় কিস্তির টাকাই পাইনি! অন্যদিকে, মেহেরুন্নেসা বিবি মিস্ত্রি নামে আরেক উপভোক্তা বলেন, শৌচাগারের টাকা পাইনি আমিও। কিন্তু শুনছি, টাকা উঠে গিয়েছে। বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছি।
Advertisement
এদিকে, এনিয়ে পঞ্চায়েতের প্রধান রেজিনা খাতুন গাজি বলেন, লিখিত কোনও অভিযোগ আসেনি। এলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ