Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাঁসখালি সীমান্ত হয়ে শুকনো ইছামতি রুট পেরিয়ে ভারতে চার বাংলাদেশি

হাঁসখালি সীমান্ত হয়ে শুকনো ইছামতি রুট পেরিয়ে ভারতে চার বাংলাদেশি
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অগ্নিভ ভৌমিক, রানাঘাট: শুকনো ইছামতির ‘রুট’ ব্যবহার করে অনুপ্রবেশ। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে বেশ কয়েকমাস আত্মগোপন করে থাকার পর ফের বাংলাদেশ পালানোর ছক কষা হয়েছিল। তার আগেই পুলিসের জালে ধরা পড়ল চার বাংলাদেশি। এছাড়াও ওই অভিযানে রানাঘাট পুলিস জেলার হাতে আন্তর্জাতিক মানব পাচারচক্রের এক দালালও গ্রেপ্তার হয়েছে। অশান্ত বাংলাদেশে চূড়ান্ত কাজের অভাবের সঙ্গে যুঝতে না পারা অথবা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে বেআইনি পথে তারা ভারতে ঢুকে পড়েছিল। তবে এপারে লাগাতার ধরপাকড়ের জেরে তারা ফের দেশে ফিরছিল বলে পুলিস মনে করছে। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্যান্য অনুপ্রবেশকারীদের সন্ধান করতে চাইছেন তদন্তকারীরা। 
Advertisement
হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় থেকেই বাংলাদেশ উত্তপ্ত। টালমাটাল অবস্থা সেদেশের অর্থনীতি ও প্রশাসনের। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই দেশের ক্ষমতা ন্যস্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। কিন্তু, তাতেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। একদিকে যেমন ক্রমাগত অত্যাচারিত হচ্ছেন সেদেশের সংখ্যালঘু হিন্দুরা, তেমনই ক্রমশ টালমাটাল পরিস্থিতির কারণে কমছে উপার্জনের পথ। মাঝে স্থিতাবস্থা এলেও ফের মুজিবর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এমতাবস্থায় ফের অনুপ্রবেশ নিয়ে চিন্তার ভাঁজ পুলিসের কপালে। পুলিস সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে টানা ধরপাকড় চলছে। তাতেই ধরা পড়ছে একের পর এক অনুপ্রবেশকারী। রবিবার ভোরে হাঁসখালি থানার অভিযানে বেআইনিভাবে এদেশে আসা চার বাংলাদেশি ধরা পড়ে। তারা ফের বাংলাদেশে পালানোর ছক কষেছিল। এছাড়াও পুলিসের জালে ধরা পড়েছে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত ভারতীয় এক দালালও। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানা এলাকায় ওই অভিযান চালানো হয়েছিল। তাতেই সন্দেহজনক চারজনকে আটক করে পুলিস। তারা প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। তাদের নাম জসিমুদ্দিন, বহরুল শেখ, কুদ্দুস সর্দার, আকলিমা সর্দার। তারা বাংলাদেশের নড়াইল, খুলনা, ঝিনাইদহ এলাকার বাসিন্দা। কয়েক মাস আগেই তারা বেআইনি পথে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সাহায্যে এদেশে এসেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা মানব পাচার চক্রের এক দালালের খোঁজ পান। এরপর পৃথক একটি অভিযানে গ্রেপ্তার করা হয় ওই দালালকেও। তার নাম রাজীব বিশ্বাস। সে হাঁসখালি থানার বগুলা পূর্বপাড়ার বাসিন্দা। আপাতত ধৃতদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে কোন কোন পাচার চক্রের নেটওয়ার্কের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে তারা এদেশে এসেছিল, তার সন্ধান করছেন তদন্তকারীরা। একইসঙ্গে হাঁসখালি এলাকার আর কোথায় কোথায় এই পাচারচক্র সক্রিয় রয়েছে, তার সন্ধান করা হচ্ছে। রানাঘাট পুলিস জেলার এক কর্তা বলেন, সোর্স মারফৎ খবর পেয়ে অভিযান চালিয়েছিলাম। তাতেই মোট পাঁচজন ধরা পড়েছে। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত ভারতীয় দালালকেও।
Advertisement
সম্পর্কিত সংবাদ