Bartaman Logo
২৭ মে, ২০২৬

হিংসা জর্জরিত মণিপুরে ফের গুলিতে খুন মহিলা

হিংসা জর্জরিত মণিপুরে ফের গুলিতে খুন মহিলা
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, ইম্ফল: অশান্ত মণিপুরে ফের গুলিতে খুন এক মহিলা। নাম সাপাম সোফিয়া লেইমা (৩৪)। তিনি মেইতেই সম্প্রদায়ের। বাড়ি ওয়াথা লাম্বি শান্তিপুর গ্রামে। পুলিস সূত্রে খবর, শনিবার সকাল ১১টা নাগাদ ধান খেতে কাজ করছিলেন গ্রামের লোকেরা। তখনই সন্দেহভাজন কুকি জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। চলে গুলিও। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোফিয়ার। তাঁর স্বামীর নাম সাপাম দয়ানন্দ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। গোলমাল ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী।
Advertisement
বৃহস্পতিবার রাতে মণিপুরের জিরিবাম জেলায় জাইরোন মার গ্রামে এক মহিলাকে গুলি করে, পুড়িয়ে খুন করা হয়। শনিবার মহিলার স্বামী দাবি করেছেন, খুনের আগে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই মর্মে এফআইআরও দায়ের করেছেন তিনি। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের জন্য ওই মহিলার মৃতদেহ পড়শি রাজ্য অসমের শিলচরে নিয়ে যাওয়া হবে। মণিপুরের রাজধানী ইম্ফলে ফরেন্সিক পরীক্ষার পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত? জিরিবামের পুলিস সুপার জানিয়েছেন, এই উত্তপ্ত পরিস্থিতিতে ৩৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে ইম্ফলে ওই মৃতদেহ নিয়ে যাওয়া সমস্যা সৃষ্টি করতে পারে। 
গত দু’দিন ধরে ফের অশান্ত হয়ে উঠছে মণিপুর। নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে। যার ফল, দু’দিনে দুই সম্প্রদায়ের দুই মহিলা খুন। অথচ মণিপুর সরকার নির্বিকার।
সম্পর্কিত সংবাদ