বিশেষ সংবাদদাতা, ইম্ফল: দেড় বছরের বেশি সময় কেটে গিয়েছে। মণিপুরে অব্যাহত হিংসা। এই ঘটনায় রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বয়কটের ডাক উঠল এই ডবল ইঞ্জিন রাজ্যে। প্রভাবশালী সংগঠন দ্য কোর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি (কোকোমি) জানিয়েছে, চলতি সঙ্কটের সমাধান না হওয়া পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে বয়কট করবে তারা। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস দুই দিনের জন্য অবরোধেরও সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন।
Advertisement
এর মধ্যেই উত্তর-পূর্বের এই রাজ্যের সাম্প্রতিক তিনটি হিংসার ঘটনার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর মধ্যে রয়েছে জিরিবামে শিশু সহ ছ’জনকে অপহরণ করে খুনের ঘটনাও। এরইমধ্যে রাজধানী ইম্ফল থেকে ৪০ কিলোমিটার দূরে সেনা ছাউনি থেকে এক মেইতেই ঠিকাকর্মীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।নতুন করে বড় কোনও হিংসার ঘটনা না ঘটলেও রাজ্যজুড়ে পরিস্থিতি এখনও থমথমে। বন্ধ স্কুল, কলেজ। জনমানবহীন রাস্তাঘাট।



