সংবাদদাতা, কল্যাণী : গত ২৩ দিন ধরে মায়ের জন্য কান্নাকাটি করেছে আমডাঙা থানার শরবটি এলাকার সাত বছরের মেয়ে সালমা। বহু খোঁজাখুঁজি করার পরও সে খুঁজে পাইনি তার মাকে। অবশেষে রবিবার চাকদহ থানার উদ্যোগে হারিয়ে যাওয়া মাকে ফিরে পেল সাত বছরের সালমা। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে চাকদহ বিপিনবাড়ি স্কুলের আশেপাশে এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখে পুলিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে পুলিস বুঝতে পারে মানসিক বিকার রয়েছে ওই মহিলার। এরপর তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নাম খাদিজা বিবি। বাড়ি আমডাঙা থানার অন্তর্গত শরবটি গ্রামে। পরে আমডাঙা থানায় খবর দিয়ে খাদিজা বিবির পরিবারের সঙ্গে যোগাযোগ করে চাকদহ থানার পুলিস। অবশেষে রবিবার সকালে খাদিজা বিবিকে তাঁর পরিবারের হাতে তুলে দেয় চাকদহ থানার পুলিস। মহিলাকে ফিরে পেয়ে খুশি পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান মহিলা।



