Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হেরিটেজ সিদ্ধেশ্বরী মন্দিরে মুকুট, অলঙ্কার চুরি

হেরিটেজ সিদ্ধেশ্বরী মন্দিরে মুকুট, অলঙ্কার চুরি
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ বাবলারির হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে ফের চুরি হল। মঙ্গলবার সকালে এই প্রাচীন মন্দিরে চুরির কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে মন্দিরের পুরোহিত এসে দেখেন, দেবী সিদ্ধেশ্বরীর বিগ্রহের বিভিন্ন ধাতু দিয়ে তৈরি মুকুট, দেবীর তুলসীর বিগ্রহের কপালের সোনার টিকলি ও সোনার টিপ চুরি গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
মন্দিরের সেবাইত দিলীপ চক্রবর্তী বলেন, একবছর ধরে এই মন্দিরে সেবাইত হিসেবে আছি। এখানে দেবী সিদ্ধেশ্বরীর পাশাপাশি তুলসী দেবী, শিব এবং মহাপ্রভুর মন্দির রয়েছে। সোমবার রাত ৮টার পর মন্দিরে পুজো করে বাড়ি চলে গিয়েছিলাম। এদিন সকালে মন্দির খুলতে এসে দেখি, নাটমন্দিরের আলো নেভানো আছে। সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের তালা যথারীতি আটকানো। কিন্তু বিগ্রহের মাথার মুকুট নেই। পিছনের গ্রিলের ফাঁক দিয়ে কেউ মুকুটটি চুরি করেছে। এরপর তুলসী দেবীর মন্দিরের ভিতরে ঢুকে দেখি, গ্রিলের ভেতরে থাকা কাচের দেওয়াল গোল করে কাটা। বিগ্রহের কপালের সোনার টিকলি ও সোনার টিপ নেই। এই মন্দিরটি বেশ নির্জন জায়গায়। ৫০০বছরের প্রাচীন ব্রহ্মশিলায় দেবী সিদ্ধেশ্বরীর পুজো হতো। বছর দেড়েক আগে এখানে দেবীর প্রতিমা বসানো হয়। মন্দির পরিচালন কমিটির কোষাধ্যক্ষ গৌতম নন্দী বলেন, মন্দিরে থানা থেকে দু’টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কিন্তু সুকৌশলে ওই ক্যামেরা আড়াল করে ধারাবাহিকভাবে চুরি হচ্ছে। এক বছরের মধ্যে দু’বার চুরি হল। চুরি রুখতে আরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। পঞ্চায়েত প্রধান নারায়ণ কর্মকার বলেন, এই ঐতিহ্যবাহী মন্দিরে চুরির ঘটনায় খুবই চিন্তিত। আমি নিজেও মন্দির কমিটির সদস্য। সবার সঙ্গে কথা বলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ