Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হর্ষ বদলে গেল বিষাদে, বিয়ের ৪ দিনের মাথায় আত্মঘাতী যুবক

হর্ষ বদলে গেল বিষাদে, বিয়ের ৪ দিনের মাথায় আত্মঘাতী যুবক
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: বিয়ের চারদিনের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। রবিবার সকালে বাড়ির পিছনের গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি তুফানগঞ্জ থানার মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মরাডাঙার। সদ্য বিয়ে হওয়া যুবক আত্মহত্যা করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন নববধূ ও পরিবারের লোকজন। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। আনন্দময় বাড়িতে এখন শুধুই কান্নার রোল। 
Advertisement
পুলিস ও পারিবারিক সূত্রে খবর, মৃতের নাম দীপঙ্কর বর্মন (৩২)। কোচবিহাররের একটি অফিসে তিনি ক্যান্টিন চালাতেন। মাসখানেক আগে নিউ কোচবিহারের এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয় দীপঙ্করের। মেয়ের পরিবার দুঃস্থ। তাই বৃহস্পতিবার পাত্র দীপঙ্করের বাড়িতেই বিয়ের আসর বসে। শনিবার রাতে প্রতিবেশী ও আত্মীয়দের নিয়ে বউভাতের আয়োজন করা হয়। তারপরই এই মর্মান্তিক ঘটনা। তবে কোন কারণে যুবককে আত্মহত্যা করতে হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 
এদিন মৃতের ভাই কুশ বর্মন বলেন, ১৩ ফেব্রুয়ারি সামাজিক মতে বিয়ে হয় দাদার। শনিবার রাতে অনুষ্ঠান শেষে সব কিছু স্বাভাবিক হওয়ার পর আমরা ঘুমোতে যাই। এদিন সকালে মা প্রথম দেখেন দাদার দেহ বাড়ির পিছনের গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমরা ছুটে গিয়ে থানায় খবর দিই। পুলিস এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কেন এমন সিদ্ধান্ত নিল, বুঝে উঠতে পারছি না। মেয়ের আত্মীয় বিশ্বজিৎ রায় বলেন, সব দেখেশুনে আমরা বিয়ে ঠিক করেছিলাম। দীপঙ্করের এই বিয়েতে সম্মতিও ছিল। ওদের অষ্টমঙ্গলায়   যাওয়ার কথা ছিল। তার আগেই এই ঘটনা।
পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টির তদন্ত হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ