সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নিম্নমানের কাজের অভিযোগ তুলে নিকাশিনালার নির্মাণ কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানালে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও ঠিকাদার অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানিপুরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতির তিন লক্ষ টাকা বরাদ্দে রানিপুরা গ্রামে ৭০ মিটার নিকাশিনালার কাজ শুরু হয়েছে। অভিযোগ, ঠিকাদার সরকারি সিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে নিম্নমানের কাজ করছেন। যে পরিমাণ সিমেন্ট, বালি ও পাথর দেওয়া প্রয়োজন, তার থেকে কম দেওয়া হচ্ছে। নিকাশি নালার প্লেট (ঢাকনা ) তিন ইঞ্চি পুরু করার কথা। কিন্তু মাত্র দেড় ইঞ্চি পুরু করা হচ্ছে। পরিমাণে কম ও নিম্নমানের রড দিয়ে ঢালাই করা হচ্ছে। প্লেটগুলি ভেঙে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঠিকাদার বিজয় ভট্টাচার্য বলেন, সিডিউল মেনেই কাজ হচ্ছে। হুমকির অভিযোগ ভিত্তিহীন। হরিশ্চন্দ্রপুর-১ বিডিও সৌমেন মণ্ডল বলেন, কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার ভিজিট করার পর সিডিউল মেনে কাজ শুরু হবে।



