সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা প্রাচীর ভেঙে বাড়িতে ঢুকে উল্টে গেল ইট ভর্তি লরি। এতে গুরুতর জখম হয়েছেন এক শ্রমিক। সোমবার ভোর ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ইলাম গ্রামে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ইট ভর্তি লরি কনুয়ার দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ইলামের বাসিন্দা হাসান আলির বাড়ির ভিতরে ঢুকে পড়ে। লরির ধাক্কায় রান্নাঘর ও একটি নির্মীয়মাণ ঘর ভেঙে যায়। স্থানীয়রা ছুটে এসে জখম শ্রমিককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরই চালক পালাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বাড়ির মালিক হাসান আলি বলেন, আমরা পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে হুড়মুড়িয়ে একটি ইট ভর্তি লরি আমার বাড়িতে ঢুকে পড়ে। অল্পের জন্য পরিবার নিয়ে প্রাণে বেঁচেছি।



