নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দু’বছর আগে গণউদ্যোগে তৈরি হয়েছিল হরিপালের শ্রমজীবী হাসপাতাল। গ্রামের মানুষদের কেউ দিয়েছিলেন জমি, কেউ গড়ে দিয়েছিলেন দালান। কেউ কেউ খরচ জুগিয়েছিলেন চিকিৎসা উপকরণের। সঙ্গে ছিল শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ। ১৯ জানুয়ারি ২০২২ সালে চিকিৎসা শুরু হয়েছিল হাসপাতালে। রবিবার গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে স্মরণ করলেন শুরুর সেই দিনটিকে। পদযাত্রা থেকে শোভাযাত্রা, আদিবাসী নৃত্য থেকে গানে, কবিতায় পালন হল একটি হাসপাতালের ‘জন্মদিন’।
Advertisement
জন্মদিনে হাসপাতালের জন্য এল উপহারও। স্থানীয় বিধায়ক করবী মান্না হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন নতুন অ্যাম্বুলেন্স। এক জুটমিল কর্মীর স্ত্রী বাণী পাল তাঁর জমানো ১০ লক্ষ টাকা হাসপাতালের রোগী কল্যাণ তহবিলে দান করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা ক্ষেত্রে যা করেছে, তা স্মরণযোগ্য। হাসপাতালের পরিচালন সমিতির অন্যতম কর্তা গৌতম সরকার বলেন, মানুষের হাসপাতালের জন্মদিন আমজনতার উদ্যোগে পালিত হয়েছে। ঘটনাটি আমাদের কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা। শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে। মানুষের ভরসার যোগ্য হয়ে ওঠার জন্য আরও পরিশ্রম করতে হবে।



