সংবাদদাতা, তারকেশ্বর: হরিপালে দিল্লি পুলিস ও ক্রাইম ব্রাঞ্চের হানা। দিল্লির এক সোনার দোকান থেকে চুরি যাওয়ার সোনার একটি অংশ সহ এক যুবককে গ্রেপ্তার করল তারা। ধৃতের নাম আসাদুল মণ্ডল। বাড়ি হরিপাল থানার পার্বতীপুর এলাকায়। ২৭ নভেম্বর দিল্লির করোলাবাগ এলাকায় একটি দোকান থেকে ১১ কেজি ৭০০ গ্রাম সোনা চুরির অভিযোগ হয় ওই দোকানেরই এক কর্মীর বিরুদ্ধে। তদন্ত নেমে মোবাইলের টাওয়ার লোকেশন দেখে হরিপাল থানার সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিস। শনিবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার হন আসাদুল। প্রায় ৩০০ গ্রাম সোনা তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা যায়, বেশ কয়েকজন কর্মীকে নিয়ে দিল্লির এক সোনার দোকানে কাজে যোগ দেন আসাদুল। ওই ১১ কেজি ৭০০ গ্রাম সোনার মধ্যে অন্য কর্মীরা কিছু সোনা নিয়ে চম্পট দেন। মালিককে সোনার হিসেব দিতে পারবেন না, এই ভয়ে বাকি সোনা নিয়ে হরিপালে চলে আসেন আসাদুল। অভিযোগের ভিত্তিতে হরিপাল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। ধৃতকে দিল্লিতে নিয়ে যাওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিস।



