৭০০ কোটি। ‘কৃষ ৪’ তৈরি করতে এই পরিমাণ টাকাই লাগবে বলে জানিয়েছিলেন নির্মাতারা। ছবির কাজ ইতিমধ্যে শুরুও করে দিয়েছেন রাকেশ রোশন ও হৃতিক রোশন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ শুরু করেছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, সম্প্রতি ছবি থেকে বেরিয়ে এসেছেন সিদ্ধার্থ ও তাঁর সংস্থা মারফ্লিক্স। এর জেরে এই বছর ‘কৃষ ৪’ শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী বছর থেকে শুরু হতে পারে হৃতিকের এই ছবির কাজ। যদিও কোনও প্রযোজনা সংস্থা ৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি ‘কৃষ ৩’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। প্রায় একযুগ পর এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা কতটা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেই মনে করা হচ্ছে। এই আবহে রাকেশ রোশন জানিয়েছেন, তিনি এই ছবি পরিচালনা করবেন না। তাঁর মতে, ‘নতুনদের সুযোগ দেওয়া উচিত।’ পাশাপাশি পরিচালকের দায়িত্ব থেকে সরে এসেছেন করণ মালহোত্রাও। সম্ভবত নতুন কোনও পরিচালকের হাতেই এই দায়িত্ব তুলে দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ থেকে এই ছবির শ্যুটিং শুরু হতে পারে। এখন প্রযোজনা সংস্থার খোঁজ চলছে।



