Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হরিদেবপুরে বৃদ্ধাকে মাদক খাইয়ে লুট ৪ লক্ষ টাকা, গ্রেপ্তার ২

হরিদেবপুরে বৃদ্ধাকে মাদক খাইয়ে লুট ৪ লক্ষ টাকা, গ্রেপ্তার ২
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিদেবপুরে বৃদ্ধা-সহ দুই মহিলাকে মাদক খাইয়ে লুট চার লক্ষ টাকা। লুট করা হল সোনার গয়নাও। ঘটনায় গ্রেপ্তার ২ অভিযুক্ত। ধৃতেরা হল, বৈদ্য এবং সঞ্জু সরকার। পুলিস সূত্রে খবর, ওই বাড়িতে অসুস্থ শাশুড়িকে নিয়ে থাকতেন এক গৃহবধূ। কয়েক মাস আগে পরিচারকের কাজ নিয়ে তাঁদের বাড়িতে আসে এক দম্পতি। বৃদ্ধা শাশুড়ির দেখাশোনার কাজও করত তারা। এরপর কিছুদিন পরই কাজ ছেড়ে দিয়ে চলে যায় অভিযুক্তরা। সম্প্রতি ওই বাড়িতে ফের হাজির হয় পরিচারক দম্পতি। পরিচিত হওয়ায় সহজেই বাড়িতে ঢোকার সুযোগ পায়। অভিযোগ, ওই বাড়িতে ঢুকেই গৃহবধূ এবং তাঁর শাশুড়িকে জোর করে একটি তরল খাইয়ে দেয় বৈদ্য এবং সঞ্জু। সেটি খেয়ে দু’জনেই অচৈতন্য হয়ে পড়লে শুরু হয় লুটতরাজের কাজ। ওই বাড়িতে আগে কাজ করা সুবাদে কোথায় কোন জিনিস থাকে তা জানত অভিযুক্তরা। ফলে খুব সহজেই বাড়ির আলমারি খুলে চিকিৎসার জন্য রাখা ৪ লক্ষ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দেয় সঞ্জুরা। এরপর হরিদেবপুর থানায় পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়। শুরু হয় তদন্ত। ইতিমধ্যেই অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিস। তারা আগেও এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ