নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র টাকিতে ইছামতীর পাড়ে গজিয়ে উঠেছে একের পর এক বিলাসবহুল হোটেল-রিসর্ট। যা কি না সম্পূর্ণ বেআইনি। এমনই অভিযোগে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী দিগন্ত বোস জানান, সেচদপ্তরের জায়গা দখল করে ইছামতীর পাড়ে বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। সেচদপ্তর যা কার্যত স্বীকার করে নিয়েছে বলে দাবি মামলাকারীর। জানা গিয়েছে, ওই হোটেলগুলির মধ্যে একটির মালিকানা রয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের। চলতি সপ্তাহেই বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।



