চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে গোশালা মোড় এবং পাহাড়পুরের মোড়ের মধ্যবর্তী মাহুতপাড়া জোড়া কালভার্টে ঘটেছে ঘটনাটি। সেখানে রাস্তার উপরেই পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন ধরে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিকট শব্দ শুনে এলাকার মানুষজন ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিক পুলিশ। অবশেষে দমকলের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চালক এবং খালাসি আহত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেলে চিকিৎসাধীন। পণ্য বোঝাই লরিটি বিহার থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ, রবিবার ভোররাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তদন্ত শুরু করেছে পুলিশ।



