নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ১৯০ কোটি টাকার বাজেট পেশ করল হুগলি জেলা পরিষদ। ২০২৬-’২৭ সালের বাজেট প্রস্তাবে গতবারের তুলনায় ১০ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বস্তুত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হুগলি গ্রামীণ এলাকার মানুষের স্বাভাবিক চাহিদার দিকে নজর রেখে বাজেট তৈরি করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে জনস্বাস্থ্য ও গ্রামীণ পরিকাঠামোর উন্নতি। সাম্প্রতিক সময়ে জেলা পরিষদের নিজস্ব আয় নিয়ে বারবার চর্চা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সেই আয়বৃদ্ধি নিয়ে পরিকল্পনার উল্লেখ রয়েছে। জেলা পরিষদ কর্তাদের দাবি, সময়ের সঙ্গে সঙ্গতি রেখে গ্রামীণ নাগরিকদের আধুনিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে বাজেট পেশ করা হয়েছে।
প্রসঙ্গত, হুগলি জেলা পরিষদে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠ। ফলে, খসড়া বাজেট পাশ করতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় সংশোধনী সহ দ্রুত বাজেট পাশ করে তা কার্যকর করা হবে। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় ও জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া বলেন, নাগরিক স্বার্থ ও তাঁদের বিশেষ চাহিদাকে মাথায় রেখে বাজেট পরিকল্পনা করা হয়েছে। প্রতিবারই একটি বিশেষ গুরুত্বের ক্ষেত্র বাছাই করে আমরা বাজেট পেশ করি। এবার বাজেটে গ্রামীণ এলাকায় পরিকাঠামোর আধুনিকীকরণ ও জনস্বাস্থ্যকে বাড়তি নজরদারির জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৯০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। হুগলি জেলা পরিষদের প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, গ্রামীণ অর্থনীতির দিকে বাজেটে লক্ষ্য রাখা হয়েছে। প্রাণী ও পশুপালন, মৎস্যচাষের মতো বিষয় গুরুত্ব পেয়েছে।
হুগলি জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, গ্রামাঞ্চলে পরিকাঠামোর বিকাশে প্রায় ৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হল স্বাস্থ্য। এই খাতে প্রায় ৬৫ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা স্থায়ী সমিতির হাতে রাখা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। তাৎপর্যপূর্ণভাবে, সমস্ত স্থায়ী সমিতিকে কমপক্ষে কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি বরাবরই হুগলির গ্রামীণ অর্থনীতির একটি বড়ো ভিত্তি। সেখানেও পর্যাপ্ত বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, দ্রুত বাজেট পাশ করে কাজে নেমে পড়া হবে। কারণ, জেলা পরিষদের নিজস্ব উন্নয়ন পরিকল্পনায় একগুচ্ছ কাজ বাজেটের আগেই ঘোষণা করা হয়েছে।