


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তৃণমূলের হয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি চালানোর অভিযোগে এক হোমগার্ডকে গ্রেপ্তার করল সাঁকরাইল থানার পুলিশ। ধৃতের নাম সাহিন মোল্লা ওরফে সানি। তিনি অস্থায়ী হোমগার্ড পদে কর্মরত ছিলেন। শনিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের আবেদন জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহিন একসময় সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর ফাঁড়িতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি শিবপুর পুলিশ লাইনে হোমগার্ড হিসাবে কর্মরত। অভিযোগ, মানিকপুর ফাঁড়িতে থাকাকালীন তিনি সাঁকরাইল এলাকার বিভিন্ন দোকান, প্রোমোটার ও সাট্টার ঠেকে গিয়ে ভয় দেখিয়ে টাকা তুলতেন। বিজেপির দাবি, সেই তোলাবাজির নেপথ্যে ছিলেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল এবং সাহিন তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত।
শনিবার সকালে বিজেপির শাখা সংগঠন সিংহ বাহিনীর হাওড়া জেলার সভাপতি সহদেব থান্ডার সাঁকরাইল থানায় গিয়ে সাহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। প্রথমে মানিকপুর ফাঁড়িতে ডেকে সাহিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সহদেব থান্ডার অভিযোগ করেন, ‘সাহিন মোল্লা সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের হয়ে এলাকার বিভিন্ন জায়গা থেকে তোলা তুলতেন। দোকানদার, প্রোমোটার থেকে শুরু করে সাট্টার ঠেক— কিছুই বাদ দিতেন না। সেই টাকা বিধায়কের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাঁর কাজ। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বিধায়ক প্রিয়া পাল। তাঁর বক্তব্য, ‘অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ তদন্ত করে সত্য সামনে আনুক।’ হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক তোলাবাজির অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।