নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ার শিবপুরের পি কে চৌধুরি রোডের বাড়ি থেকে উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ। মৃতের নাম মৃতে নাম দেবাশিষ প্রধান (২৭)। তিনি মহমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবলও খেলেছেন। পুলিসের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণে আত্মঘাতী হয়েছেন দেবাশিষ।
পুলিস সূত্রে খবর, গত বুধবার রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন দেবাশিষ। গতকাল, বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার করে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিস। দেবাশিষ হাওড়া সিটি পুলিসে সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিবপুর পুলিস লাইনের টেলিকম বিভাগে তিনি কর্মরত ছিলেন।
২০১৭-১৮ মরশুমে তিনি কলকাতার মহমেডান ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। মূলত সাইড ব্যাক পজিশনে তিনি খেলতেন। তবে মহমেডান ছাড়াও তিনি কলকাতার বেশ কিছু ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন বলে পরিবার সূত্রে খবর। কিন্তু ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।