নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত কয়েক বছর ধরে হাওড়া শহরের বেশ কয়েকটি বারোয়ারি জগদ্ধাত্রী পুজো দর্শনার্থীদের নজর কেড়েছে। এবার সপ্তাহান্তে পড়েছে নবমী। ছুটি থাকার সুযোগে প্রচুর মানুষ ভিড় করে দেখতে এলেন মধ্য হাওড়া ও শিবপুরের পুজো। দাসনগর সমাজসেবী সঙ্ঘের জগদ্ধাত্রী পুজো এবারে ৪৪ বছরে পা দিয়েছে। এখানে ২৪ ফুট উচ্চতার প্রতিমা। মূর্তিতে সাদা শোলার কাজ নজর কাড়ছে সবার। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বাহারি কারুকাজ। পুজো কমিটির সম্পাদক প্রভাস হাজরা বলেন, ‘গত কয়েক বছর ধরে পুজো দেখতে বহু মানুষ আসছেন। পুজো উপলক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক কাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।’ শিবপুরের পাতিপাড়া তিব্বতি বাবা স্মৃতি মন্দিরের জগদ্ধাত্রী পুজো এ বছর ৩৫ বছরে পদার্পণ করেছে। পুজো উপলক্ষ্যে প্রায় চার হাজার মানুষ অন্নকূট উৎসব পালন করেন। একসঙ্গে বসে পাত পেড়ে খান বহু মানুষ। পাশাপাশি এর অন্যতম আকর্ষণ আতশবাজির খেলা।



