Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশনে ফের উদ্ধার জাল নোট, গ্রেপ্তার ১

হাওড়া স্টেশনে ফের উদ্ধার জাল নোট, গ্রেপ্তার ১
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুজরাতে পাচারের আগেই হাওড়া স্টেশন থেকে ধরা পড়ল বিপুল পরিমাণ জাল নোট। বেঙ্গল এসটিএফের হাতে বুধবার রাতে গ্রেপ্তার হয়েছে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা মুন্না নামে এক যুবক। তার কাছ থেকে মিলেছে ৯২ হাজার টাকার জাল নোট। এগুলি সে মালদহের এক ব্যক্তির থেকে পেয়েছে বলে দাবি করেছে। ওই ব্যক্তিটি কে, তা জানার চেষ্টা চলছে।
Advertisement
বাংলাদেশে টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে ফের সক্রিয় হতে শুরু করেছে জাল নোটের কারবারিরা। চাঁপাই নবাবগঞ্জ, সাতক্ষীরার বিভিন্ন জায়গায় নকল নোট ছাপানোর কারখানাগুলি একে একে খুলছে। যে কারণে মালদহের জাল নোট কারবারিরা আবার সক্রিয় হতে শুরু করেছে। নোটের জন্য তারা ফোনে যোগাযোগ করছে বাংলাদেশের বড় কারবারিদের সঙ্গে। সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে জাল নোট আসছে এদেশে।
জাল নোটের পাচার রুখতে বেঙ্গল এসটিএফের অফিসাররা মূলত মালদহে বিশেষ নজরদারি শুরু করেছেন। তাঁদের কাছে খবর, মালদহ থেকে জাল নোট মহারাষ্ট্র, গুজরাত সহ বিভিন্ন রাজ্যে যাচ্ছে। এখানে কারা কারা জাল নোটের কারবার করে, তার তালিকা তৈরি হয়েছে। তদন্তকারীদের কাছে খবর, মুন্না নামের এক ব্যক্তিকে পাচারের কাজে লাগিয়েছে মালদহের এক জাল নোটের কারবারি। তার নোটের বান্ডিল নিয়ে পশ্চিম ভারতে যাওয়ার কথা। মুন্নার মোবাইলের সূত্র ধরে জানা যায়, সে বুধবার হাওড়া স্টেশনে আসবে এবং এখান থেকে ট্রেন ধরে পশ্চিমের কোনও রাজ্যে যাবে। সেইমতো আগেই হাওড়া স্টেশনে পৌঁছে যান তদন্তকারীরা। মুন্না হাওড়ায় আসামাত্র তাকে আটক করেন বেঙ্গল এসটিএফের অফিসাররা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৯২ হাজার জাল টাকা। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, এই টাকা গুজরাতে নিয়ে যাওয়ার কথা ছিল। পরে মহারাষ্ট্রে যাওয়ারও অ্যাসাইনমেন্ট পেয়েছিল সে। তার আগেই ধরা পড়ে মুন্না। তাকে জেরা করে বাকিদের নাম জানার চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ