নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় রেলের প্রাচীন স্টেশনগুলির মধ্যে অন্যতম হাওড়া। লোকাল ও দূরপাল্লার মিলিয়ে প্রতিদিন এই স্টেশন দিয়ে কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। দিনে দিনে আরও বাড়ছে যাত্রীদের ভিড়। তার সঙ্গে পাল্লা দিতে অতিরিক্ত ট্রেনও চালু করছে রেলমন্ত্রক। কিন্তু স্রেফ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করেই এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, পর্যাপ্ত প্ল্যাটফর্ম না থাকলে গুচ্ছ গুচ্ছ ট্রেনের যাত্রা শুরু ও শেষ করার প্রক্রিয়া মসৃণ হয় না। হাওড়া স্টেশনে বর্তমানে চালু ২৩টি প্ল্যাটফর্ম এই ক্রমবর্ধমান যাত্রীর চাপ যথাযথভাবে সামলাতে পারছে না। তাই যাত্রীস্বার্থে এবার হাওড়া স্টেশনে চালু হতে চলেছে সম্পূর্ণ নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। রেলকর্তাদের দাবি, নতুন প্ল্যাটফর্মটি তৈরি হয়ে গেলে সার্বিক ট্রেন পরিচালন ব্যবস্থা আরও উন্নত হবে। কারণ, অগুনতি লোকাল কিংবা এক্সপ্রেস ট্রেনকে হাওড়ায় ঢোকা বা বেরনোর সময় বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এর জন্য পর্যাপ্ত প্ল্যাটফর্মের অভাবকেই দায়ী করছে সংশ্লিষ্ট মহল। বাড়তি একটি প্ল্যাটফর্ম এই সমস্যা অনেকটাই মেটাবে বলে আশাবাদী রেল। সেই সঙ্গে প্ল্যাটফর্মগুলিতে যাত্রীদের ভিড়ের বহর কিছুটা কমবে, যা সার্বিকভাবে হাওড়া ডিভিশনে সময়ে ট্রেন চালাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। ট্রেনে যাত্রীদের নামা-ওঠার সময় কমবে। সব মিলিয়ে উন্নত হবে পরিষেবার মান। কতদিনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়, সেটাই এখন দেখার।



