নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃহস্পতিবার সকালে হাওড়ার বি গার্ডেন থানার পি কে রায়চৌধুরী লেনের একটি ফ্ল্যাট থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। মৃতের নাম দেবাশিস প্রধান (২৭)। তিনি হাওড়া সিটি পুলিসের শিবপুর পুলিস লাইনে টেলিকম বিভাগে কর্মরত ছিলেন। পরিবারে মা, দাদা ও বউদি রয়েছেন। এদিন সকালে তাঁকে বহুবার ডাকাডাকি করলেও বন্ধ ঘরের ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাননি পরিবারের সদস্যরা। এরপর দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন থানার পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিস জানিয়েছে, কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।



