নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কলকাতায় বেড়াতে এসে মঙ্গলবার এক জার্মান পর্যটকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। এদিন হাওড়ার বি গার্ডেন থেকে স্পেশ্যাল ক্রুজে (গঙ্গা বিহার) করে আজ, বুধবার বেনারস যাওয়ার কথা ছিল বেশ কয়েকজন জার্মান পর্যটকদের। মঙ্গলবার তাঁরা ক্রুজে চলে আসেন। এঁদের মধ্যে রিচার্ড কার্ল ম্যাক্স (৯১) নামে এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে নার্সিংহোমে আসে বি গার্ডেন থানার পুলিস। জানা গিয়েছে, আমেরিকা ও জার্মানি থেকে দুটি পর্যটক দল ২০ নভেম্বর কলকাতায় আসে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিস।



