চণ্ডীগড়: অমৃতসর থেকে হাওড়াগামী হাওড়া মেলে বিস্ফোরণ। এই ঘটনায় সাধারণ কামরায় থাকা চার যাত্রী জখম হয়েছেন। রবিবার এমনটাই জানিয়েছে জিআরপি। জানা গিয়েছে, শনিবার অমৃতসর থেকে যাত্রা শুরু করে হাওড়া মেল। রাত সাড়ে দশটা নাগাদ পাঞ্জাবের ফতেগড় জেলার শিরহিন্দ স্টেশনের কাছে পৌঁছতেই বিস্ফোরণ হয়। একটি প্লাস্টিকের বালতিতে বাজি রাখা ছিল। সেটি থেকেই বিস্ফোরণ বলে খবর। এর জেরে এক মহিলা সহ চারজন জখম হয়েছেন। জিআরপির এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, আহতদের ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতেও পাঠানো হয়েছে। তদন্ত চলছে। যদিও বিস্ফোরণের কথা মানতে চায়নি নর্দার্ন রেল কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, এক ব্যক্তি লাগেজের মধ্যে রাসায়নিক নিয়ে উঠেছিল। সেই রাসায়নিক গায়ে পড়ে ওই ব্যক্তি সহ তিন জন জখম হয়েছেন। তাঁদের শরীরের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। এ ব্যাপারে সরহিন্দ জিআরপি তদন্ত করছে।



