Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া জেলার ১০০ সুস্বাস্থ্য কেন্দ্রে বসানো হবে ওয়াটার পিউরিফায়ার

হাওড়া জেলার ১০০ সুস্বাস্থ্য কেন্দ্রে বসানো হবে ওয়াটার পিউরিফায়ার
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কলের জল থাকলেও পরিস্রুত পানীয় জলের অভাব। হাওড়া জেলায় এমন ১০০টি সুস্বাস্থ্য কেন্দ্রে আরও এবং ইউভি যুক্ত ওয়াটার পিউরিফায়ার বসাতে চলেছে হাওড়া জেলা পরিষদ। মা ও শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ওইসব স্বাস্থ্যকেন্দ্রে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
Advertisement
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, হাওড়া গ্রামীণ এলাকার ১৪টি ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পানীয় জল সরবরাহ কেমন, তা নিয়ে গত কয়েক মাসে সমীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে, বহু সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যেখানে জলের কোনও উৎস নেই। বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে জল কিনে খেতে হয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে রোগীর পরিজনদের। এমন ৭০টি সুস্বাস্থ্য কেন্দ্রকে চিহ্নিত করে সেখানে ডিপ টিউবওয়েল ও ওয়াটার রিজার্ভার বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার দ্বিতীয় ধাপে জলের উৎস রয়েছে, এমন সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। ১০০টি সুস্বাস্থ্য কেন্দ্রে বসবে আধুনিক ওয়াটার পিউরিফায়ার। এজন্য বরাদ্দ হয়েছে প্রায় ২ কোটি টাকা।
হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেন, সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে যে মায়েরা চিকিৎসার জন্য আসেন, তাঁরা বাধ্য হয়ে কলের জল পান করেন। বিশেষ করে টিউবওয়েলের জল তাঁদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। সে কারণেই ওয়াটার পিউরিফায়ার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে জল পরিস্রুত করার মেশিন বসানোই শুধু নয়, আগামী তিন বছরের জন্য সেগুলির রক্ষণাবেক্ষণের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে জেলা পরিষদের তরফে। মেশিনগুলির বরাত পাওয়া সংস্থাই সেগুলির দেখভাল করবে। ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে বলে জানান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতি। নভেম্বরে শুরু হবে ওয়াটার পিউরিফায়ার বসানোর কাজ। এই উদ্যোগের ফলে আমতা-১ ও ২, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষ উপকৃত হবেন। 
সম্পর্কিত সংবাদ