সংবাদদাতা, উলুবেড়িয়া: হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ পাঁচলার গাববেড়িয়ার বাসিন্দারা। তাঁদের দাবি, গত এক সপ্তাহ ধরে গাববেড়িয়া শিবতলা, কোলেপাড়া, পালপাড়া, হালদারপাড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একদল হনুমান। হনুমানের কামড়ে কমবেশি ২০ জন গ্রামবাসী জখম হয়েছেন। হনুমানের আতঙ্কে কার্যত গৃহবন্দি বাসিন্দারা। হনুমান ধরতে ইতিমধ্যে গ্রামে খাঁচা পেতেছে বনদপ্তর। উলুবেড়িয়া বনদপ্তরের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত একটি হনুমান খাঁচায় ধরা পড়েছে। বাকিদের ধরতে খাঁচা পেতে রাখা হয়েছে। এলাকার বাসিন্দা সুদীপ হাজরা জানান, এক সপ্তাহ ধরে হনুমানের দলটি দাপিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসীদের আক্রমণ করছে। ভয়ে মানুষ বাইরে বের হচ্ছেন না। স্থানীয় গাববেড়িয়া শিবতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও ক্লাস চলাকালীন দরজা বন্ধ রাখছেন। স্থানীয় বাসিন্দা রাজেশ মুখোপাধ্যায়ের মতে, কিছু মানুষ ওদের নিয়মিত খাইয়ে অভ্যাসে পরিণত করেছেন। যখন ওরা পচ্ছন্দের খাবার পাচ্ছে না, তখন ক্ষিপ্ত হয়ে উঠছে। খাবারের খোঁজে মানুষকে আক্রমণ করছে। আমরা এই বিষয়ে মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি। এই বিষয়ে পরিবেশ সংগঠনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান, ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বনদপ্তর দ্রুত ব্যবস্থা নিক।



