সিমলা, ২৫ ডিসেম্বর: ভারী তুষারপাতের জেরে বিপত্তি হিমাচল প্রদেশে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের। বরফে ঢাকা পড়েছে বহু রাস্তা। সেই বরফ সরাতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। যার জেরে মন্থর ট্রাফিক। রাস্তায় বাড়ছে গাড়ির চাপ। সূত্রের খবর, সেই ভিড় সামলানোর জন্যই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে তিনটি জাতীয় সড়ক। ওই একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে হিমাচল প্রদেশের একাধিক জেলার ২২৩টি রাস্তাও। বড়দিন ও ইংরেজি নববর্ষ পালনের জন্য প্রচুর পর্যটক যাচ্ছেন সিমলায়। কার্যত পর্যটকদের ঢল নেমেছে সিমলা, কুলু, মানালিতে। সঙ্গে পাল্লা দিয়ে ভারী তুষারপাত চলছে হিমাচল প্রদেশজুড়ে। জাঁকিয়ে পড়েছে শীতও। মনোরম পরিবেশ পর্যটকদের জন্য। কিন্তু অতিরিক্ত তুষারপাতের ফলে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। বরফ জমে থাকায় একাধিক রাস্তা বন্ধ। গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে পর্যটকদের। সিমলা ছাড়াও হিমাচল প্রদেশের কিন্নাউর, লাহাউল, মান্ডি, ছাম্বা ও সিরমাউরে ভারী তুষারপাত হয়েছে। তবে আবহাওয়া খারাপ হলেও পর্যটকরা থেমে থাকেননি। জানা গিয়েছে, সিমলায় গত ডিসেম্বরের তুলনায় ৩০ শতাংশ বেশি পর্যটকরা এসেছেন। হোটেল প্রায় ফাঁকা নেই বললেই চলে। ভারী তুষারপাতের জেরে বিদ্যুৎ নেই একাধিক জায়গায়। সেই সংক্রান্ত মোট ৩৫৬টি অভিযোগ এখনও পর্যন্ত এসেছে হিমাচল প্রদেশের বিদ্যুৎ দপ্তরের কাছে। পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তা। সেই পরিস্থিতি সামলাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে হিমাচল প্রদেশের সরকার। দুটি স্নো ব্লোয়ার ব্যবহার করা হচ্ছে।



