নয়াদিল্লি, ৫ নভেম্বর: হেমা মালিনীর গালের মতো মসৃণ রাস্তা বানিয়ে দেব! ঠিক এই কথা বলেই বিপাকে দিল্লির আপ বিধায়ক নরেশ বালিয়ান। তাঁর পদত্যাগের দাবি জানিয়েছেন দিল্লির বিজেপি নেতারা। নরেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন রেখা শর্মা। জানা গিয়েছে, দিল্লির উত্তম নগরের বিধায়ক নরেশ। সেই এলাকার রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যাপক ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের। বারবার প্রশাসনের দ্বারস্থও হয়েছেন এলাকাবাসীরা। কিন্তু আদতে কোনও লাভই হয়নি। সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে কথা বলতে গিয়ে আপ বিধায়ক বলেন, ‘রাস্তার কাজ দ্রুত শেষ হয়ে যাবে। উত্তম নগরের রাস্তা হেমা মালিনীর গালের মতো মসৃণ বানিয়ে দেব।’ তাঁর সেই বক্তব্যের ভিডিওটি (ভিডিওটির সত্যতা যাচাই করেনি বর্তমান) ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
Advertisement
অন্যদিকে, মহিলাদের নিয়ে এই ধরনের কথা বলায় তীব্র নিন্দা করেছেন দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণশঙ্কর কাপুর। তিনি বলেছেন, ‘বিধায়কের এই ধরনের মন্তব্য নারীদের অসম্মান করে। অরবিন্দ কেজরিওয়ালের উচিত এই আপ বিধায়ককে অবিলম্বে দল থেকে সাসপেন্ড করা।’ পাশাপাশি নরেশের এই মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠেছেন বিদ্রোহী আপ সাংসদ স্বাতী মালিওয়ালও। তিনি বলেছেন, ‘এই ধরনের নারীবিদ্বেষী মন্তব্যের কোনও ক্ষমা হয় না। গত দশবছর ধরে উনি ঘুমাচ্ছিলেন। উত্তম নগরের রাস্তার যা অবস্থা সেটা উনি ঠিক করার কথাই ভাবেন নি। আর এখন নারীবিদ্বেষী মূলক কথা বলছেন। এই ধরনের নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অরবিন্দ কেজরিওয়ালকে অনুরোধ জানাচ্ছি।’



