নিজস্ব প্রতিনিধি, বরানগর: ফের ভাঙন গেরুয়া শিবিরে। রবিবার হালিশহরে প্রায় ২৫০জন বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। যদিও বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এই দলবদল কোনও প্রভাব ফেলবে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হাজিনগর ছাইমাঠে রক্তদান শিবিরের মঞ্চে দলবদল সম্পন্ন হয়। বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। উপস্থিত ছিলেন হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, দিন কয়েক আগে হালিশহরে দু’দফায় ৫০০-র বেশি বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই যা বিজেপি শিবিরে চিন্তা বাড়িয়েছে। বিধায়ক বলেন, ‘বিজেপি মানেই ভাঁওতা, সেটা মানুষ বুঝতে পেরেছে। তাই দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে।’



