নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৩৫ কোটি টাকার বিনিময়ে হলদিরাম ভুজিয়াওয়ালার অংশীদারিত্ব নিল প্যান্টোমাথ-এর ভারত ভ্যালু ফান্ড। তবে এই অংশীদারিত্ব সংখ্যালঘু। অর্থাৎ, সংস্থার নিয়ন্ত্রণ থাকবে হলদিরামের হাতেই। ‘প্রভুজি’ ব্র্যান্ডে ভুজিয়া, নোনতা ও মিষ্টি খাবার বিক্রেতা হলদিরাম ভুজিয়াওয়ালা জানিয়েছে, এই টাকা তারা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বাইরে উৎপাদন ও বিপণন বাড়াতে ব্যবহার করবে। তাদের হিসেব, ভারতে এখন স্ন্যাক্সস-এর বাজার ৪২ হাজার ৬০০ কোটি টাকার। ২০৩২ সালের মধ্যে তা বেড়ে ৯৫ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছতে পারে। যারা ইতিমধ্যেই বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করছে, তারা এই বিরাট সম্ভাবনাকে সফল করতে পারবে। সেই লক্ষ্যেই নিজেদের ব্যবসা বাড়াতে চাইছে হলদিরাম ভুজিয়াওয়ালা। তারা প্রায় ২ হাজার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে দেশে ব্যবসা চালায় এবং দু’লক্ষের বেশি খুচরো বিক্রেতার কাছে পণ্য পৌঁছে দেয়। বর্তমানে তাদের উৎপাদন ক্ষমতা বছরে ৬ হাজার ৩৫ মেট্রিক টন।



