Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হুকিং করে পাম্প চালানোয় ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ, জরিমানা ৬৫ লক্ষ

হুকিং করে পাম্প চালানোয় ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ, জরিমানা ৬৫ লক্ষ
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট:  কৃষিকাজের জন্য হুকিং করে চালানো হচ্ছিল পাম্পসেট। দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে অভিযানে নেমে এক মাসে ৪৭ জনের বিরুদ্ধে এফআইআর করার পাশাপাশি জরিমানা করা হয়েছে প্রায় ৬৫ লক্ষ টাকা। অভিযোগ, বোরো ধান চাষের সময়ে দেদার বিদুৎ চালিত পাম্পগুলি দিয়ে কৃষকরা জলসেচ করে থাকেন। কিছু ব্যবসায়ী বিঘে প্রতি হিসেবে জল বিক্রি করে থাকেন। তাঁদের একাংশ চুরি করে পাম্প চালিয়ে বিদ্যুৎ বিল ফাঁকি দিচ্ছিলেন দিনের পর দিন। এতে প্রচুর টাকার ক্ষতি হচ্ছিল বিদ্যুৎ দপ্তরের। বারবার বিদ্যুত্ বণ্টন দপ্তরের কাছে অভিযোগ হতেই অভিযানে গিয়ে অবাক আধিকারিক ও কর্মীরা। তাঁরা দেখেন হুকিং করে মাটির নীচ দিয়ে তার নিয়ে গিয়ে পাম্প চালানো হচ্ছে। কোথাও আবার সরাসরি প্রকাশ্যে হুকিং করে চলছে পাম্প। বিদ্যুত্ চুরি ধরতেই এফআইআর করে তিন থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা না দিলে পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করবে বলে জানিয়েছে বিদ্যুত্ দপ্তর। কৃষিপ্রধান দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে কৃষিকাজে এখন সাবমার্সিবল ও বিদ্যুত্চালিত পাম্প সেট ব্যবহার করা হচ্ছে। অভিযোগ, অনুমতি চাওয়ার পর  বিদ্যুৎ দপ্তর সংযোগ দিলে তা কেটে অন্য তার দিয়ে হুকিং করে পাম্প সেট চালানো হচ্ছে। অনেকে আবার মিটারে কারচুপি করে রাখছেন। তাতে পাম্প সেট চললেও মিটার বাড়ছে না।
Advertisement
জেলা বিদ্যুত্ বণ্টন দপ্তরের রিজিওনাল ম্যানেজার দীপঙ্কর দাস বলেন, আমরা বিদ্যুত্ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছি। একমাসে ৪৭ জনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। মোট ৬৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ