Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হুজুর সাহেবের মেলা থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

হুজুর সাহেবের মেলা থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলা থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন আরও একজন। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙা-শীতলকুচি রাজ্য সড়কের সাঙারবাড়ি মোড়ের কারে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রফিকুল মিয়াঁ (৩২)। অন্যদিকে, দুর্ঘটনায় জখম আশরাফুল মিয়াঁ মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেরই বাড়ি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট গদাইখোড়া গ্রামে। স্থানীয়রা জানান, একটি বাইকে মাথাভাঙার দিক থেকে শীতলকুচি দিকে যাচ্ছিলেন দুই যুবক। গোঁসাইরহাট পঞ্চায়েতের সাঙারবাড়ি মোড়ের কাছে একটি গাড়ি বাইকের পিছনে ধাক্কা মারলে উল্টো দিক থেকে আসা একটি বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। যার ফলে দুই বাইক আরোহী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিস ও দমকল কর্মীরা। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী যুবকের সঙ্গে হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলায় গিয়েছিল রফিকুল। এদিন বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান, দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ