নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অসুস্থতার কারণ দেখিয়ে বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলবে বুধবার হাজিরা দিলেন না বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এনআইএ’র মামলায় সাক্ষী হিসেবে হাজির থাকার কারণে এদিন ভবানী ভবনে সিআইডির তলবে যাননি সাংসদ পুত্র বিজেপির বিধায়ক পবন সিংও। দু’জনেই হাজির না হওয়ায় কথা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। তবে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন রিলিফ ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগে ২০২০ সালের একটি মামলায় আজ বৃহস্পতিবার সিআইডির তরফে দুপুর সাড়ে বারোটায় ফের বারাকপুরের প্রাক্তন সাংসদকে ডাকা হয়েছে।
Advertisement
অর্জুন সিং জানিয়েছেন, শরীর খারাপ থাকার কারণে যেতে পারছি না। হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা রয়েছে। তাই লিখিতভাবে সময় চেয়েছি। বৃহস্পতিবারের সিআইডির তলবে যেতে পারব কি না এখনই বলতে পারছি না। সিআইডির তরফে পবন সিংকে যে নোটিস দেওয়া হয়েছিল তাতে দেখা করার সময় ‘১২: ৩০ এএম’ উল্লেখ ছিল। এই প্রসঙ্গ টেনে পবন জানিয়েছেন, ‘রাত সাড়ে বারোটায় ডাকাটা ভুলও হতে পারে, আবার ইচ্ছাকৃতভাবেও হতে পারে। কিন্তু আমার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা থাকায় যেতে পারছি না। আরও সময় চেয়ে লিখিত আবেদন পাঠিয়েছি। ’তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, তাহলে সিবিআই এবং ইডি যাঁদের তলব করছে, তাঁদেরও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তলব করা হচ্ছে।



