Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাইকোর্টের নির্দেশে ভগবানপুরে ১১ বেআইনি নির্মাণ ভাঙল পুলিস

হাইকোর্টের নির্দেশে ভগবানপুরে ১১ বেআইনি নির্মাণ ভাঙল পুলিস
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: হাইকোর্টের নির্দেশ মেনে ভগবানপুরে ১১টি বেআইনি নির্মাণ ভেঙে দিল পুলিস। শনিবার ভগবানপুর-১ ব্লকের নুনহন্ড নীল সরোবর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় এগরা-বাজকুল রাজ্য সড়কের পাশে ১১টি বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিস মোতায়েন ছিল।
Advertisement
এদিন যে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়, সেখানে তৃণমূল ও সিপিএমের পার্টি অফিস, দু’টি ঝুপড়ি বাড়ি ছিল। বাকি সবই দোকান। তার মধ্যে একটি পাকা নির্মাণ ছিল। বাকি সবই ছিল ঝুপড়ি দোকান। দীর্ঘ কয়েক দশকের এই সমস্ত বেআইনি নির্মাণ এদিন ভেঙে দেওয়া হয়। তবে বাড়ি ও দোকানের সমস্ত সামগ্রী আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। এদিন উচ্ছেদ অভিযানের পর বাঁশের বেড়া দিয়ে ওই জায়গা ঘিরে দেওয়া হয়।
পুলিস জানিয়েছে, শিমুলিয়া পঞ্চায়েতের নুনহন্ড গ্রামের অজিত মাইতির জমির সামনের অংশে রাস্তা আটকে এই সমস্ত দোকানপাট, বাড়ি, পার্টি অফিস তৈরি হয়েছিল। অজিতবাবু এসব সরাতে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট দখল উচ্ছেদের পক্ষেই রায় দেয়। স্থানীয় প্রশাসনকে অবিলম্বে নির্দেশ কার্যকর করতে বলে। সেইমতো এদিন ভগবানপুর থানার ওসি শাহেনশা হকের নেতৃত্বে পুলিস ও র‌্যাফ হাজির হয়। বিডিও বিকাশ নস্কর সহ অন্য প্রশাসনিক আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। ওসি বলেন, নির্বিঘ্নে উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ