যোধপুর: এবার রাজস্থান হাইকোর্টেও জামিন পেলেন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। মঙ্গলবার আদালত ৩১ মার্চ পর্যন্ত আসারামের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। ২০১৩ সালে এক নাবালিকাকে আশ্রমের মধ্যে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন আসারাম। গত সপ্তাহেই অন্য একটি ধর্ষণের মামলায় ৩১ মার্চ পর্যন্ত আসারামের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। চিকিত্সাজনিত কারণে আসারামকে জামিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। এদিন রাজস্থান হাইকোর্টের বিচারপতি দীনেশ মেহতা ও বিনীতকুমার মাথুরের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আসারাম সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন, তার সঙ্গে হাইকোর্টে করা আবেদন একই প্রকৃতির। তাই হাইকোর্টও তাঁর জামিন মঞ্জুর করছে। সুপ্রিম কোর্ট জামিনের জন্য যে যে শর্ত দিয়েছিল, সেগুলিই বহাল থাকছে। তার সঙ্গে যদি আসারাম যোধপুরের বাইরে যান, তাহলে তিনজন কনস্টেবলের খরচও তাঁকে বহন করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।



