নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর জি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সেপ্টেম্বর মাসে অভিজিৎকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তারপরই অভিজিৎকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। এর আগে নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়ে ছিলেন টালা থানার প্রাক্তন ওসি। সেই আবেদনের বিরোধিতা করেছিল সিবিআই। তাদের দাবি, ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং অভিজিতের মধ্যে মোবাইলে বারবার কথাবার্তা হয়েছিল। কল ডিটেলসে তা দেখা গিয়েছে, বেশ কয়েকটি সন্দেহজনক মোবাইল নম্বরেও তাঁরা ফোন করে কথা বলেছিলেন। আরও জেরার প্রয়োজন বলে আদালতে দাবি করে সিবিআই।



