নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বছরের তুলনায় এ বছর মুর্শিদাবাদে প্রায় ১৪ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এবছর জেলায় মোট ৫৬ হাজার ১৯৭ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দেবেন। গতবারের তুলনায় এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়েছে। গতবার জেলায় ১১৮ টি কেন্দ্রে পরীক্ষায় বসেন প্রায় ৪২ হাজার পড়ুয়া। এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১২৭। মুর্শিদাবাদ জেলায় আটটি অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজর রাখা হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তবে বেশ কিছু কেন্দ্রে পর্যাপ্ত শিক্ষক, শিক্ষিকা না থাকায় পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
জেলার আটটি স্কুল থেকে শিক্ষক কম থাকার চিঠি পাঠানো হয়েছে শিক্ষা ভবনকে। পার্শ্ববর্তী স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা নিয়ে এসে পরীক্ষা পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে রবিবার বিকেল পর্যন্ত মুর্শিদাবাদ জেলার অধিকাংশ পরীক্ষা কেন্দ্রের নিকট থানায় পরীক্ষার প্রশ্নপত্র চলে এলেও দু-এক জায়গায় সব প্রশ্নপত্র এখনও আসেনি বলেই খবর। তবে রবিবার রাতের মধ্যেই সব থানায় এবং ট্রেজারিতে প্রশ্নপত্র পৌঁছে যাবে বলেই জানান জেলা শিক্ষাভবনের এক আধিকারিক।
মুর্শিদাবাদের ডিআই (সেকেন্ডারি) জয়ন্ত হালদার বলেন, জেলায় ১২৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ৭৫টি মেন ভেন্যু এবং ৫২টি সাব ভেন্যুতে হবে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৬ হাজার ১৯৭ জন। আটটি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রে আমাদের বাড়তি নজর থাকবে।
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৬৩ ধারা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কোনও স্কুলের সামনে লাউড স্পিকার বাজানো যাবে না। এমনকী, আশপাশের সমস্ত জেরক্স ও কম্পিউটার দোকান বন্ধ রাখা হবে।
গতবারের মত এবছরও জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। জেলা শিক্ষা ভবন সূত্রে খবর, মোট ৩৩ হাজার ৬৯১ জন ছাত্রী পরীক্ষায় বসবে মুর্শিদাবাদে। অপরদিকে, ২২ হাজার ৫০৬ জন ছাত্র পরীক্ষা দেবেন। সোমবার থেকে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১ ঘণ্টা ১৫ মিনিট।
মুর্শিদাবাদ পুলিশ জেলার চারটি মহকুমায় মোট ২৪টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র। এছাড়া জঙ্গিপুর মহকুমায় আরও কয়েকটি স্পর্শকাতর কেন্দ্র রয়েছে। প্রতিটি স্পর্শকাতর কেন্দ্রে সিসিটিভির নজরদারি ও বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে।