Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় ১৫ হাজারের বেশি পড়ুয়া

হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় ১৫ হাজারের বেশি পড়ুয়া
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলা থেকে রেকর্ড সংখ্যক পড়ুয়া আলিম, ফাজিল ও হাই মাদ্রাসার পরীক্ষায় বসবে। প্রায় সাড়ে ১৫ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবে বলে জানা গিয়েছে। মোট ৪১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিটি কেন্দ্রে আলো, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। পড়ুয়ারা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেদিকে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা কেন্দ্রগুলি প্রস্তুত করা হচ্ছে বলেই জানা গিয়েছে। ১০ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার থেকে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা। পৌনে এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে পরীক্ষা। ফাজিল পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আলিম ও হাই মাদ্রাসা পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কোনও পরীক্ষার্থী যদি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকে, তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা কেন্দ্রগুলির আশপাশের সমস্ত জেরক্স দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। প্রতিটি থানা থেকে প্রশ্নপত্র নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। সশস্ত্র পুলিস বাহিনী সেগুলিকে এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে। জেলা সংখ্যালঘু বিষয়ক দপ্তরের আধিকারিক (ডোমা) রেণুকা খাতুন বলেন, সমস্ত নিয়ম মেনেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়েছে। জেলার ৪১টি কেন্দ্রে ১৫ হাজার ৩০০-র বেশি পড়ুয়া পরীক্ষা দেবে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সেন্টারগুলিতে আগাম সব ব্যবস্থা করে রাখা হয়েছে।  জেলা পুলিসের এক আধিকারিক বলেন, মাধ্যমিকের পাশাপাশি আলিম, ফাজিল ও হাই মাদ্রাসা পরীক্ষা চলবে। তাই বাড়তি সচেতন আমরা। রাস্তাঘাটে যাতে যানজট না হয়, সেজন্য বাড়তি পুলিস মোতায়েন রাখা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে এবং বাইরে সমস্ত পুলিস অ্যারেঞ্জমেন্ট রাখা হচ্ছে।  বেলডাঙার ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা, ঝুনকা হাই মাদ্রাসা, দেবকুণ্ডু হাই মাদ্রাসা, খড়গ্রামের শংকরপুর হাই মাদ্রাসা, লালগোলার রহমাতুল্লাহ হাই মাদ্রাসা, হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। পাশাপাশি ডোমকলের সারাংপুর হাই মাদ্রাসা, ভাতশালা হাই মাদ্রাসা, দৌলতাবাদের গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা, ছয়ঘড়ি গার্লস হাই মাদ্রাসা ও ইসলামপুরের নশিপুর হাই মাদ্রাসায় পরীক্ষা নেওয়া হবে। এছাড়া জঙ্গিপুর মহকুমায় বেশ কিছু মাদ্রাসায় হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। প্রতিটি এলাকায় যাতে রাস্তাঘাটে কোনও যানজট তৈরি না হয়, সেজন্য বাড়তি সতর্ক থাকবে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ