Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলিতে অঙ্গনওয়াড়ি কর্মী,  সহায়িকা নিয়োগের প্রস্ততি

হুগলিতে অঙ্গনওয়াড়ি কর্মী,  সহায়িকা নিয়োগের প্রস্ততি
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ নিয়ে তোড়জোড় শুরু করছে প্রশাসন। আগামী ডিসেম্বর মাসের গোড়াতেই কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য ইন্টারভিউতে ডাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে। এবার ইন্টারভিউয়ের জন্য সদ্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সংশ্লিষ্ট মহকুমা প্রশাসনের তরফে চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউয়ের জন্য নম্বর বরাদ্দ রয়েছে পাঁচ। হুগলিতে কর্মী ও সহায়িকা পদে দেড় হাজারের বেশি পদে নিয়োগ হবে।
Advertisement
হুগলির জেলা প্রজেক্ট অফিসার প্রান্তিক ঘোষ বলেন, লিখিত পরীক্ষার পর প্রার্থীদের খাতা দেখা হয়ে গিয়েছে। মহকুমাগুলিতে ডিসেম্বর মাস নাগাদ ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হতে পারে। প্রশাসনই গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
আরামবাগের মহকুমা শাসক রবি কুমার বলেন, অঙ্গনওয়াড়িতে নিয়োগের ব্যাপারটি আমাদের নজরে রয়েছে। আমরা প্রাথমিকভাবে ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু নিয়ে আলোচনায় বসব। 
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নিয়োগের দাবি উঠছে বিভিন্ন মহলে। কেন্দ্রের কর্মী সহায়িকা সংগঠনও এব্যাপারে একাধিকবার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। তাছাড়া সমস্যায় পড়ছেন বর্তমানে কর্মরত কর্মী সহায়িকারাও। 
অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংগঠন(এআইইউটিইউসি)-র রাজ্য কমিটির সদস্যা আরামবাগের মধুমিতা ভট্টাচাৰ্য বলেন, বিভিন্ন জায়গায় এক একজন কর্মীকে একসঙ্গে দু’টি করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব দেওয়া রয়েছে। অথচ অতিরিক্ত কেন্দ্র চালানোর জন্য বাড়তি কোনও ভাতা পাচ্ছি না। তাছাড়া পরিকাঠামো, আনাজ, ডিম প্রভৃতির বরাদ্দ বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সরকারি স্বীকৃতি, অবসরকালীন সুবিধা সহ আরও নানা দাবি রয়েছে। আমরা চাই, অবিলম্বে দু’টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। তাহলে বাড়তি চাপ থেকে কিছুটা মুক্ত হওয়া যাবে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় ২৮৭টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে। এছাড়া সহায়িকা নিয়োগ হবে ১২৮৯টি শূন্য পদে। চলতি বছরে সংশ্লিষ্ট পদের জন্য হুগলিতে প্রায় এক লক্ষ প্রার্থী লিখিত পরীক্ষা দিয়েছিলেন। ‘এ’ গ্রেডের অফিসারদের দিয়ে পরীক্ষার খাতা দেখানো হয়েছে বলে দাবি। এবার লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের নিয়ে ইন্টারভিউ হবে মহকুমাস্তরে। 
উল্লেখ্য, কিছুদিন আগেই আরামবাগের পূর্ব কেশবপুরের একটি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁরা কেন্দ্র অনিয়মিত খোলার প্রতিবাদ জানান। অভিভাবকদের দাবি, সেখানকার কর্মী দু’টি পৃথক কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। তাই অনিয়মিত খোলা হয়। এজন্য তাঁরা দরজায় তালা দিয়ে দেন। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। অভিভাবকদের মধ্যে কবিতা জানা বলেন, স্কুলে যাওয়ার আগে শিশুদের প্রাক পঠনপাঠন অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই হয়। কিন্তু, আমাদের এই কেন্দ্রের কর্মী কিছুদিন ধরেই ঠিকমতো আসছিলেন না। ফলে পঠনপাঠনেও প্রভাব পড়ে। আমরা চাই, দ্রুত যোগ্যদের নিয়োগ করা হোক। তবেই সুষ্ঠুভাবে কেন্দ্রগুলি চলবে।
সম্পর্কিত সংবাদ