নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হাওড়া থেকে হুগলিতে মেট্রো আনতে চান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে তিনি রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সোমবার হুগলির জেলাশাসকের সঙ্গে উন্নয়ন নিয়ে এনিয়ে চর্চাও করেছেন তিনি। পাশাপাশি, রেলমন্ত্রীকে তিনি ব্যান্ডেলে আজমির শরিফ এক্সপ্রেসের যাত্রীদের জন্য হল্ট স্টেশন করার দাবি জানাবেন বলে জানিয়েছেন। সোমবার জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন রচনা। পরে তিনি বলেন, হুগলিতে মেট্রো পরিষেবা চালুর জন্য আমি রেলমন্ত্রীকে চিঠি দিয়েছি। তিনি উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। আমাদের তরফে জমি সহ যা যা সহযোগিতা লাগবে, আমরা করব। এদিন বৈঠকে এনিয়ে জেলাশাসকের সঙ্গেও আমার কথা হয়েছে।



