Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বামনডাঙার টন্ডু টি জি-থ্রি প্রাথমিক স্কুলে তাণ্ডব চালাল হাতির পাল

বামনডাঙার টন্ডু টি জি-থ্রি প্রাথমিক স্কুলে তাণ্ডব চালাল হাতির পাল
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: মিড ডে মিলের লোভে সোমবার ভোররাতে শাবক সহ পাঁচটি হাতির দল দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালায় নাগরাকাটার বামনডাঙা চা বাগানের টন্ডু টি জি-থ্রি প্রাথমিক স্কুলে। এই নিয়ে গত ১০ মাসে চারবার স্কুলে হাতি হামলা চালাল। এমন ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিন বিকেল ৪টে নাগাদ বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত স্কুল ভবন পরিদর্শন করে যান। 

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, ভোররাতে পার্শ্ববর্তী ডায়নার জঙ্গল থেকে হাতির দল এসে প্রথমে স্কুলের সীমানা প্রাচীর ভেঙে দেয়। এরপর ভিতরে ঢোকে। স্কুলের ক্লাসরুমের দেওয়াল ভেঙে বেঞ্চ, চেয়ার, টেবিল, পড়ুয়াদের বিলি করার জন্য রাখা জুতো, আলমারিতে রাখা বই, মিড ডে মিলের বাসন সব কিছুই লন্ডভন্ড করে দেয়। গরমের ছুটির পর আগামী সোমবার থেকে ফের স্কুল খুলবে। কিন্তু স্কুলের যা পরিস্থিতি হয়েছে তাতে কীভাবে পঠনপাঠন হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্র বরাইক। যদিও ছুটি থাকায় মিড ডে মিলের চাল, ডাল, আনাজপাতি স্কুলে ছিল না। প্রধান শিক্ষক বলেন, বারবার হাতির হামলা হচ্ছে। যে পরিমাণ ক্ষতি হল তা স্কুলের তহবিলে থাকা সামান্য টাকা দিয়ে মেরামত করা সম্ভব নয়। অত্যন্ত উদ্বেগে রয়েছি। নাগরাকাটার অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়চন্দ্র রায় বলেন, ওই স্কুলটিকে নিয়ে প্রকৃত অর্থেই চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। বনদপ্তরের খুনিয়ার রেঞ্জার সজল দে বলেন, হাতির গতিবিধির প্রতি বনকর্মীরা সতর্ক নজর রেখে চলেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ