সংবাদদাতা, আলিপুরদুয়ার: গ্যারগেন্দা সেতু দিয়ে আপাতত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা পুলিস। ভারি যানবাহনগুলিকে মাদারিহাট ও বীরপাড়া থেকে ২৪ কিমি ঘুরপথে ফালাকাটা দিয়ে চালানো হচ্ছে। ছোট গাড়িগুলিকে এশিয়ান হাইওয়ে সড়কের এক লেন দিয়ে সেতু পার করানো হচ্ছে। এতে ওই সেতুতে যানজটও হচ্ছে।
শুক্রবারের রাতভর বৃষ্টিতে বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কে গ্যারগেন্দা সেতুর অ্যাপ্রোচ রোড ধসে যায়। সেতুর পশ্চিম দিকের অ্যাপ্রোচ রোডের প্রায় ৫০মিটার অংশে ধস তৈরি হয়। গ্যারগেন্দার জলোচ্ছ্বাসে সেতুর মাঝের একটি পিলারও বসে গিয়েছে। শনিবার রাতে ও রবিবার সারাদিন সেভাবে বৃষ্টি না হওয়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ যুদ্ধকালীন ভিত্তিতে গ্যারগেন্দা সেতুর ধস মেরামত করছে।
যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের ১০ নম্বর ডিভিশনের ইঞ্জিনিয়ার জীতেন্দ্র প্যাটেল বলেন, গ্যারগেন্দা সেতুর অ্যাপ্রোচ রোডে ৫০মিটার নয়, ৩৫ মিটার অংশে ধস হয়েছে। ধস মেরামতে কাজ শুরু হয়েছে। ভারী যানবাহন চলাচলের জন্য সেতুর পাশে একটি অস্থায়ী ডাইভারশন তৈরি করা হবে। জেলার পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ধসের কারণে বীরপাড়ায় গ্যারগেন্দা সেতু দিয়ে কিছু ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, ধসে ক্ষতিগ্রস্ত গ্যারগেন্দা সেতুর অ্যাপ্রোচ রোড মেরামতে কমপক্ষে ২০দিন সময় লাগতে পারে। সেই জন্যই ভারী যানবাহন চলাচলে ডাইভারশন তৈরির পরিকল্পনা নিয়েছে সড়ক কর্তৃপক্ষ।
এদিকে, ভুটান পাহাড়ে বৃষ্টি না হওয়ায় জয়গাঁর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। শুক্রবার রাতে ভুটান পাহাড়ের নেমে আসা হরপা বানে বালি পাথর ও ডলোমাইট মিশ্রিত পলি জয়গাঁর খোকলাবস্তিতে ঢুকে যায়। অতিবৃষ্টির জেরে গত শনিবার রাতে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমারে শিসামারা নদীর জলস্তর বেড়ে যায়। নদীর একেবারে ভাটিতে সিধাবাড়ি এলাকায় একটি পুরনো শিব মন্দির শিসামারার গর্ভে তলিয়ে যায়। যদিও এবছর শিসামারায় ১ কোটি ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেচদপ্তরের ৩৪০ মিটার নতুন বাঁধের ক্ষতি হয়নি।
শালকুমার-১ পঞ্চায়েতের প্রধান শ্রীবাস রায় বলেন, শিসামারার বাঁধ ঠিক আছে। উদ্বেগের কারণ নেই। নদীর ভাটিতে সিধাবাড়িতে নদীর কিনারায় একটি শিবমন্দির ছিল। কিনারায় থাকার জন্য মন্দিরটির নদী তলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। সিধাবাড়ি এলাকায় শিসামারার ভাঙনে তলিয়ে যাচ্ছে শিবমন্দির। - নিজস্ব চিত্র।