নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রবিবার নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে গেলেও এই দফাতেও ওড়িশায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। ঝাড়খণ্ডেও বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়ে সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ বাড়লেও নিম্নচাপের বেশি প্রভাব পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পড়বে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস রবিবার জানিয়েছেন। দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার কোনও কোনও জায়গায় সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়। তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়নি। সোমবার সকালের পরেও দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি অব্যাহত থাকবে। আপাতত আগামী ৫ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে ওইসময় পর্যন্ত। রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে না-যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ জোরালো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত হওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা আছে।



